
সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ ও টেকসই বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের বিভিন্ন ইউনিটে পদায়িত কর্মকর্তাদের যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, বর্তমান বাস্তবতায় বাংলাদেশ পুলিশকে নতুন পথরেখা তৈরি করে এগোতে হচ্ছে। এ পথরেখায় জনগণের প্রত্যাশা, মানবাধিকার এবং নারী, শিশু ও বয়স্ক নাগরিকদের প্রতি সংবেদনশীলতাকে গুরুত্ব দিতে হবে। নবপদায়িত কর্মকর্তাদের নতুন উদ্যম ও অঙ্গীকার নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
পুলিশিং একই সঙ্গে সেবা ও চ্যালেঞ্জের বিষয় উল্লেখ করে তিনি বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে বাহিনীর একজন ‘অ্যাম্বাসেডর’ হিসেবে জনগণের পাশে দাঁড়াতে হবে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী সমাজ ও রাষ্ট্রের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।
নবীন কর্মকর্তাদের ভবিষ্যতের পুলিশ নেতৃত্ব আখ্যা দিয়ে আইজিপি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। নিয়মিত নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারত্ব বজায় রাখতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আইন ও বিধিবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলে তাদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে।
