
ডারউইনে স্বপ্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ। হাসান-তাসকিনদের আগুনে বোলিংয়ের পর ব্যাট হাতে ঝলমলে পারফরম্যান্স তানজিদ-শান্তদের। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ। এ ছাড়া মুমিনুল-শান্তর জোড়া ফিফটিতে রানের চাকাও সচল থেকেছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে দেড়শ ছাড়িয়েছে টাইগারদের লিড। ৬ উইকেট হারিয়ে ৩৫১ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ, লিড বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ রানের।
তৃতীয় দিনে আগামীকাল লিড আরও বড় করতে চাইবে সফরকারীরা। নিজেদের পরিকল্পনা নিয়ে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলছিলেন, ‘আমি যতক্ষণ ব্যাট করেছি, উইকেট ভালোই ছিল। পরে হাসান ও মিরাজ ভাইয়ের ব্যাটিং দেখেও তাই মনে হয়েছে। তবে ওরা খুব টাইট লাইনে বল করেছে। আমরা যত বেশি সময় ব্যাট করতে পারব, দলের জন্য ততই ভালো হবে।’ আরও বলেন, ‘এখনও ম্যাচের তিন দিন বাকি। আমরা চাই যত বেশি সম্ভব সেশন ব্যাট করতে। যত বেশি রান করা যাবে, আমাদের বোলারদের জন্য কাজটা তত সহজ হয়ে যাবে।’
দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন অলরাউন্ডার বিউ ওয়েবস্টার। দল ব্যাক-ফুটে থাকলেও এখনো জয়ের আশা ছাড়ছেন না বলেই জানালেন। চলমান টেস্টে জয়ের বিষয়ে জানতে চাওয়া হলে বিউ ওয়েবস্টার বলছিলেন, অবশ্যই। আমাদের ড্রেসিংরুমের যে কোয়ালিটি, সবাই এখনও বিশ্বাস করে এই ম্যাচ জেতার মত সুযোগ এখনও আমাদের আছে। অবশ্যই এখানে শেষ ৪ উইকেট যত দ্রুত সম্ভব তুলে নিতে হবে। এরপর অন্তত দুই দিন ভালো ব্যাটিং করতে হবে। অনেক পরিশ্রম করতে হবে আমাদেরকে। তবে ড্রেসিংরুমের সবাই বিশ্বাস রাখছে এই ম্যাচ এখনও জেতা সম্ভব।
