
অস্ট্রেলিয়া সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। অভিজ্ঞ ব্যাটারদের ব্যর্থতার দিনে একমাত্র উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। তার অপরাজিত সেঞ্চুরির সুবাদে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিন দিনের এই প্রস্তুতি ম্যাচেই শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।
ইনিংসের শুরুতেই দলীয় ৭ ও ব্যক্তিগত শূন্য রানে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম। অন্য ওপেনার সাদমান ইসলাম ৩১ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। এরপর মুমিনুল হক ১৬, মুশফিকুর রহিম শূন্য, অমিত হাসান ১৫, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৭ এবং সৌম্য সরকার ১৬ রান করে সাজঘরে ফেরেন। মধ্যাহ্ন বিরতির আগেই ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে বাংলাদেশ।
তবে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন মেহেদী হাসান মিরাজ। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও ধৈর্য ও দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে লড়াইয়ের অবস্থানে নিয়ে যান তিনি। ১৪১ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ১০৯ রান করেন এই অলরাউন্ডার। তার ইনিংসেই ৭৫.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৬৩ রান।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন অফস্পিনার কোরি রকিচোলি। তিনি ৬ উইকেট শিকার করেন। অন্য চার বোলার নেন একটি করে উইকেট। উল্লেখযোগ্য বিষয় হলো, স্বাগতিক একাদশের কোনো বোলারই এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেননি।
