
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা বিষয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার প্রত্যর্পার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের চেষ্টা করছে। তিনি বলেন, ‘একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেও যদি তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে এসে আত্মসমর্পণ করতে চান, তাহলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হয়তো আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করা হবে। তবে আইনের বাইরে কিছুই করা হবে না।’
মন্ত্রী আরও বলেন, ‘তিনি দেশে এলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন আমাদের যে ক্ষমতা দিয়েছে, আমরা সেই ক্ষমতাই প্রয়োগ করব।’
শেখ হাসিনার কাছে পাসপোর্ট না থাকলে তিনি কীভাবে দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তিনি কীভাবে আসবেন, সেটি তার বিষয়। আমাদের দায়িত্ব হলো, তিনি বাংলাদেশের আইনি এখতিয়ারের মধ্যে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।’
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
তিনি আরও জানান, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন নির্ধারিত সময়ের মধ্যেই আহ্বান করা হবে। তাই আপাতত রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজনীয়তা দেখছেন না। তবে প্রয়োজন হলে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
