
ঢালিউড চলচ্চিত্রের পরিচিত কৌতুক অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী এখন বেশ মনকষ্টে দিন কাটাচ্ছেন। শাকিব খান থেকে শুরু করে হালের ক্রেজ সিয়াম আহমেদ—সবার সাথেই যিনি দাপিয়ে অভিনয় করেছেন, সেই তাকেই নাকি এখন চিনতে পারছেন না অনেক নির্মাতা ও সংশ্লিষ্টরা। মূলত পারিশ্রমিক বা ন্যায্য পাওনা দেওয়ার ভয়েই এমনটা করা হচ্ছে বলে মনে করেন এই অভিনেতা।
২০০৬ সালে ‘রঙিন চশমা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন চিকন আলী। তবে ২০০৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনে প্রাণে আছো তুমি’ সিনেমায় শাকিব খানের বন্ধুর চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘এক টাকার দেনমোহর’, ‘লাভ ম্যারেজ’ ও ‘হিটম্যান’-এর মতো অসংখ্য ব্যবসা সফল সিনেমায় তার অভিনয় দর্শকদের মুখে মুখে ফিরেছে।
নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে চিকন আলী বলেন, “কয়টা টাকা দেওয়ার ভয়ে আমাদের নেওয়া হয় না। শাকিব খানকে ওনারা খুব ভালো করে চেনেন। শাকিব খানের সাথে আমি অভিনয় করেছি। অন্যান্য নায়ক যারা আছে, সিয়াম থেকে শুরু করে অন্যান্য নায়ক-নায়িকাদের সাথেও আমরাই অভিনয় করেছি। কিন্তু ওনারা নাকি আমাদের চেনেনই না!”
