
এক কোটি মানুষ নিয়ে দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা: গৌতম লাহিড়ী
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা খুব শিগগির ‘মাথা উঁচু করে’দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং এর জন্য অন্তত এক কোটি মানুষের জমায়েত করার একটি পরিকল্পনা বা রণনীতি তৈরি করছে তাঁর দল। ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক এবং দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী এক বিশেষ সাক্ষাৎকারে এ দাবি করেছেন।
সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘পূর্ণিয়ার ভিউ’-এ সাংবাদিক আতিকুর রহমান পূর্ণিয়ার সঙ্গে আলাপকালে গৌতম লাহিড়ী বাংলাদেশ-ভারত সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি এবং শেখ হাসিনার সঙ্গে তাঁর সাম্প্রতিক কথোপকথন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকার গৌতম লাহিড়ী জানান, সম্প্রতি তিনি শেখ হাসিনার একটি
টেলিফোনিক সাক্ষাৎকার নিয়েছেন। সেখানে তাঁর প্রত্যাবর্তনের বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট সময়সীমা বলছি না, তবে পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করে আমি দ্রুতই দেশে ফিরছি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’
গৌতম লাহিড়ীর বিশ্লেষণ অনুযায়ী, আওয়ামী লীগ বর্তমানে একটি বড় ধরনের জনসমাবেশের
প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘শেখ হাসিনা যেদিন ফেরার ঘোষণা দেবেন, সেদিন ঢাকা অভিমুখে অন্তত এক কোটি মানুষের পদযাত্রার পরিকল্পনা করা হচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের কয়েক কোটি সমর্থক রয়েছে, তাই এক কোটি মানুষের জমায়েত করা তাদের জন্য অসম্ভব কিছু নয়।’
সীমান্ত পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা এবং বিএসএফের গুলি চালনার বিষয়ে গৌতম লাহিড়ী বলেন, ‘এক হাতে তালি বাজে না।’ তাঁর দাবি, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতের পক্ষ থেকে যে উষ্ণতা দেখানো হয়েছিল, বাংলাদেশ তার যথাযথ প্রতিদান দিচ্ছে না। তিনি
অভিযোগ করেন, ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের প্রস্তাব দিলেও বাংলাদেশ সরকার
তাতে সাড়া দিচ্ছে না। এমনকি গঙ্গা পানি চুক্তি নিয়ে সাম্প্রতিক বৈঠকটিকেও তিনিন‘লোক দেখানো’ বলে অভিহিত করেন।
আমেরিকার ভূমিকা ও ইয়াঙ্কি কালচার বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব এবং গত
আগস্টের রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে গৌতম লাহিড়ী বলেন, আমেরিকা সবসময় তার নিজের
স্বার্থে চলে। তাঁর মতে, আমেরিকা শুরুতে ডক্টর ইউনূসকে দিয়ে একটি পরিকল্পনা করলেও সেটি শতভাগ সফল হয়নি। এখন তারা বর্তমান বাস্তবতাকে মেনে নিয়েছে। ঢাকার রাস্তায় রিকশায় আমেরিকার পতাকা লাগানো প্রসঙ্গে তিনি একে ‘ইয়াঙ্কি কালচার’ হিসেবে অভিহিত করেন।
বিএনপির জন্য চ্যালেঞ্জ ভারতীয় এই সাংবাদিক মনে করেন, আন্তর্জাতিক মাধ্যমে বর্তমানে
একটি ‘পারসেপশন’ বা জনমত তৈরির লড়াই চলছে। শেখ হাসিনা নিয়মিত ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। এর বিপরীতে বিএনপি বা বর্তমান সরকার আন্তর্জাতিক গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে ততটা জোরালো
ভূমিকা নিতে পারছে না, যার ফলে তারা প্রচারের যুদ্ধে কিছুটা পিছিয়ে পড়ছে।
গৌতম লাহিড়ী আরও জানান, শেখ হাসিনা তাঁকে পরবর্তী সাক্ষাৎকারটি ‘সরাসরি এবং সশরীরে’
দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ইঙ্গিত দেন, সেই সাক্ষাৎকারটি সম্ভবত শেখ হাসিনার
বাংলাদেশে ফেরার ঠিক আগমুহূর্তে হতে পারে।
