
ডোনাল্ড ট্রাম্পের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ ট্রাম্পের চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যান। কানের মঞ্চে সেই সিনেমাটি প্রিমিয়ার হওয়ার দুই বছর পর, নিজের নতুন সিনেমা ‘ফিওর্ড’-এর সংবাদ সম্মেলনে এসে মার্কিন রাজনীতি ও সমাজব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন এই অভিনেতা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমেরিকা বর্তমানে ‘সত্যিই এক চরম শোচনীয় অবস্থায়’ রয়েছে।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক স্ট্যানকে জিজ্ঞেস করেন—২০২৪ সালের মার্কিন নির্বাচনের ঠিক আগে ‘দ্য অ্যাপ্রেন্টিস’ মুক্তি পেয়েছিল, আর এখন ট্রাম্প এক বছরেরও বেশি সময় ধরে আবারও আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন; এই পুরো বিষয়টিকে তিনি এখন কীভাবে দেখছেন?
প্রশ্নটি শোনার সঙ্গে সঙ্গেই সংবাদ কক্ষে উপস্থিত সাংবাদিকদের মধ্যে এক ধরনের অস্বস্তিকর ও নার্ভাস হাসির রোল পড়ে যায়। কিন্তু বিষয়টি মোটেও হালকাভাবে নেননি স্ট্যান। তিনি গম্ভীর কণ্ঠে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘সত্যি বলতে, এটা মোটেও হাসির কোনো বিষয় নয়। একদমই নয়।’

‘আমার মনে হয় আমরা খুবই বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমি সত্যিই তা বিশ্বাস করি। আপনি যদি চারপাশের পরিস্থিতির দিকে তাকান—গণমাধ্যমের একচেটিয়াকরণ, সেন্সরশিপ, প্রতিনিয়ত হুমকি এবং তথাকথিত আইনি মামলার পাহাড়, যা কখনো শেষ হয় না কিন্তু কোনো ফলও বয়ে আনে না—তবে বুঝবেন ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আমরা যখন এই সিনেমাটি (দ্য অ্যাপ্রেন্টিস) বানাচ্ছিলাম, তখনই দেওয়ালে এই বিপদের লিখন স্পষ্ট ছিল। আমরা সিনেমাটি তৈরি করতে গিয়ে এই সবকিছুর মুখোমুখি হয়েছি’, যোগ করেন তিনি।
